ঢাকা বৃহঃস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

দ.আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস

দ.আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস

সময় সংবাদ লাইভ রিপোর্ট:  দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ইতিহাস লিখলেন তাওহিদ হৃদয়। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে গতকাল ৩৫০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। তার ৪৮১ বলের ইনিংসটি সাজানো ছিল ২৭ চার ও ১০ ছক্কায়। পচেফস্ট্রুমের এই মাঠেই ২০২০ যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সেখানেই এবার তার মুকুটে যোগ হয়েছে আরেকটি অর্জনের পালক।

গতকাল বুধবার শেষ দিনে ৬ উইকেটে ৪৭১ রানে প্রথম ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। তাওহিদ হৃদয় ২০৪ রানে ইনিংস শুরু করেন। অল্প সময়ের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে ফেলেন সফরকারীরা। অষ্টম উইকেট যখন পড়ে তখন ‘এ’ দলের সংগ্রহ ৫১৯; হৃদয়ের রান ২২৫। সেখান থেকে তাকে দুর্দান্ত সঙ্গ দেন মুশফিক হাসান। তাকে নিয়েই ইনিংস ঘোষণা পর্যন্ত টেনেছেন হৃদয়। ৪৫০ বল খেলে তিনি পূরণ করেন ট্রিপল সেঞ্চুরি। এতদিন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনশ ছিল শুধু রকিবুল হাসান এবং তামিম ইকবালের। ২০০৭ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে ফতুল্লায় ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল। ২০২০ সালে মিরপুরে তাকে ছাড়িয়ে বিসিএলের ম্যাচে তামিম ইকবাল করেন অপরাজিত ৩৩৪। হৃদয় এদিন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনশ রান করার পাশাপাশি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এই সংস্করণে সর্বোচ্চ রান করার রেকর্ডও নিজের করে নিয়েছেন। এ ছাড়া দেশের বাইরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড আগে ছিল শাহরিয়ার হোসেনের। ২০০৩ সালে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে করাচিতে ডিফেন্স হাউজিং অথোরিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন তিনি। তাকেও ছাড়িয়ে নতুন কীর্তিতে এখন হৃদয়। তার ৩৫০ রানের পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। ৮ উইকেটে তাদের সে সময় প্রথম ইনিংসে সংগ্রহ ছিল ৬৭৬ রান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৮ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। প্রিটোরিয়ায় প্রথম আনঅফিশিয়াল টেস্টে ইনিংস ও ৪১৩ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেখান থেকে দারুভাবে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন তাওহিদ হৃদয়। আগের ম্যাচে ডাবল সেঞ্চুরি ও এই ম্যাচে সেঞ্চুরি করে ম্যান অব দ্য সিরিজ সিনেথেম্বা কেশিলে। দুই দল এখন একদিনের ম্যাচের সিরিজ খেলবে। আগামী রবিবার ব্লুমফন্টেইনে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রিপল সেঞ্চুরির ইতিহাস গড়ায় হৃদয়কে অভিনন্দন জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ের, যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ। বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে।

ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহিদ হৃদয়। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত