ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু দক্ষিণ সিটিতে আজ থেকে ফরম বিতরণ

ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু  দক্ষিণ সিটিতে আজ থেকে ফরম বিতরণ

সময় সংবাদ লাইভ রিপোর্ট: সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল কোনো কোনো সিটি করপোরেশন এই কার্যক্রম শুরু করেছে। সরকার ১৩টি সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন দেবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ফরম বিতরণ শুরু হবে। প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা (ই-রিকশা) চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট হ্রাস এবং নিরাপদ নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় সংস্থাটির গণসংযোগ বিভাগ। এ কার্যক্রমের অংশ হিসেবে আজ ৩ নভেম্বর থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যে আবেদন ফরম বিতরণ করা হবে। নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণ করে এ নিবন্ধন পরিচালিত হচ্ছে।

গতকাল নগর ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘ই-রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই আমরা নতুন বিধিমালা অনুযায়ী এ কার্যক্রম হাতে নিয়েছি। তবে শুধু ফরম সংগ্রহ করলেই নিবন্ধন পাওয়া যাবে না। নির্ধারিত শর্ত পূরণ, বুয়েটের কারিগরি মানদ- অনুসরণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কেবল যোগ্য বাহনগুলোকেই সনদ দেওয়া হবে। পর্যায়ক্রমে সব ই-রিকশাকে নিয়মের আওতায় এনে সড়কে অননুমোদিত ও অনুপযুক্ত যানবাহনের সংখ্যা কমিয়ে আনাই আমাদের লক্ষ্য।’

যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র : নিবন্ধনের আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত ফি জমাদান সাপেক্ষে আবেদনপত্রের সঙ্গে যেসব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে : জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি, ফি জমার মূল রসিদ, নির্ধারিত ফরমে ফিটনেস সার্টিফিকেট, যাচাই-বাছাই ও বুয়েটের কারিগরি ছাড়পত্র।

আবেদন ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদ- ও নিরাপত্তাবৈশিষ্ট্য অনুযায়ী ই-রিকশার উপযুক্ততা পরীক্ষা এবং কারিগরি ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।

জোনভিত্তিক চলাচল ও সংখ্যা নিয়ন্ত্রণ : ডিএসসিসি এলাকাকে মোট চারটি জোনে ভাগ করে রুট নির্ধারণ ও ই-রিকশার সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের আলোচনা সাপেক্ষে এই জোনভিত্তিক ব্যবস্থাপনা কার্যকর করা হবে। বিধিমালা অনুযায়ী, একটি ই-রিকশা সর্বোচ্চ ১২ বছর চলাচল করতে পারবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত