ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে স্থগিত এশিয়ান কাপ

নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে স্থগিত এশিয়ান কাপ

সময় সংবাদ লাইভ রিপোর্ট: আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ২০২৭ সালের এশিয়ান কাপ ফুটবল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে হওয়ার কথা ছিল চার বছর পরপর অনুষ্ঠিত মহাদেশীয় ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর, শেষ হবে ২০২৮ সালের ২১ জানুয়ারি।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানায়, 'অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতি, যাতায়াতের জটিলতা ও ভ্রমণ বিঘ্নের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এশিয়ান কাপ আয়োজনের সূচি পরিবর্তনের অনুমোদন দিয়েছে আয়োজক কমিটি। নতুন সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'আগের সূচি অনুযায়ী প্রতিযোগিতাটি আয়োজন ও পরিচালনার ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। অংশগ্রহণকারী দল, কর্মকর্তা, দর্শক ও সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।'

অথচ গত মাসেও এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, নির্ধারিত সময়েই এশিয়ান কাপ আয়োজনের প্রস্তুতি চলছে। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের সংঘাত বাড়লেও সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আশাবাদী ছিল আয়োজক সংস্থা।

এর মধ্যে সৌদি আরবের একাধিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হুতিরা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ১১ দিনের মধ্যে অন্তত ২০টি হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ১৭ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

গত সপ্তাহে ২০১৫ সালের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া জানিয়েছিল, আঞ্চলিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও নির্ধারিত প্রীতি ম্যাচগুলো খেলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১১ নভেম্বর দোহায় কাতারের বিপক্ষে এবং ছয় দিন পর আম্মানে জর্ডানের মুখোমুখি হওয়ার কথা অস্ট্রেলিয়ার।

এদিকে সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ম্যাচে উজবেকিস্তানের পাখতাকোরের বিপক্ষে আল নাসরের ৬-২ গোলের জয়ের ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশ্য ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, বিশ্রামে ছিলেন তিনি। এর এক সপ্তাহ আগে একই প্রতিযোগিতায় আল নাসরের বিপক্ষে ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল। ফলে ম্যাচটি স্থগিত করতে হয়।

এশিয়ান কাপের জন্য নির্ধারিত আটটি স্টেডিয়ামের পাঁচটিই রিয়াদে অবস্থিত। প্রতিযোগিতার ৫১টি ম্যাচের মধ্যে ৩০টি হওয়ার কথা এই শহরে। ফাইনাল আয়োজনের কথা কিং ফাহদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে।

প্রথমবারের মতো এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। দেশটিতে ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত