ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ২৬, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ২৬, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

সময় সংবাদ লাইভ রিপোর্ট: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি মানবিক সহায়তা বিতরণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার জাপোরিঝঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে অন্তত ৯টি ভারী বোমা হামলা চালানো হয়। প্রতিটি বোমার ওজন ছিল প্রায় ৩ হাজার কেজি। আঞ্চলিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন জানান, হামলার পর প্রাথমিকভাবে ২৭ জন নিখোঁজ ছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে ‘ভয়াবহ ও নৃশংস’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, স্থানীয় একটি স্কুলে প্রথম হামলা চালানো হয়। স্কুলটি মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহৃত হচ্ছিল। প্রথম হামলার পর মানুষ যখন সেখানে আশ্রয় নিচ্ছিলেন, তখন একই স্থানে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।

সোমবার রাতে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি জানান, হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এর আগে তিনি নিহতের সংখ্যা ১৮ বলে জানিয়েছিলেন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, নিহতদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে বিশাল গর্ত এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়। আঞ্চলিক প্রশাসনপ্রধান সেমিকিন বলেন, এটি গ্রামের জন্য এক ভয়াবহ বিপর্যয়। এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে রয়েছেন। উদ্ধারকাজ চললেও ওই এলাকায় রুশ ড্রোন হামলার কারণে কয়েক দফায় অভিযান স্থগিত রাখতে হয়েছে।

জেলেনস্কি বলেন, কোমিশুভাখায় অবস্থানরত বাসিন্দারা প্রতি সপ্তাহেই ওই কেন্দ্রে মানবিক সহায়তা পেতেন এ বিষয়টি রাশিয়ার অজানা থাকার কথা নয়। তার মতে, এ হামলা প্রমাণ করে যে রাশিয়া সংঘাত কমাতে আগ্রহী নয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির সময় রাশিয়া ও ইউক্রেনের যৌথ অভিযানে রুশ-অধিকৃত দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। জেলেনস্কি বলেন, ওই অভিযানের পর শান্তির সম্ভাবনা তৈরির একটি সুযোগ দেখা দিয়েছিল। কিন্তু এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে রাশিয়া তার বিপরীত বার্তা দিচ্ছে।

এদিকে, হামলার ঘটনায় মঙ্গলবার পুরো জাপোরিঝঝিয়া অঞ্চলে শোক দিবস ঘোষণা করা হয়েছে। রুশ সামরিক বাহিনী এখন পর্যন্ত এ হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলা আরও জোরদার হয়েছে। পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুতও প্রায় শেষ হয়ে এসেছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা, উত্তেজনা প্রশমন, মানবিক সহায়তা এবং শান্তির পথে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

এ ছাড়া চলতি সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ও ন্যাটো কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন মার্কিন আলোচকেরা। তবে আসন্ন আলোচনায় বড় কোনো অগ্রগতির প্রত্যাশা করা হচ্ছে না। 

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত