ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

ইরানের সঙ্গে 'ঘনিষ্ঠভাবে কাজ' করছে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে 'ঘনিষ্ঠভাবে কাজ' করছে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে কাজ করছে’ যুক্তরাষ্ট্র। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কাজ করবে, একটি অত্যন্ত ফলপ্রসূ শাসন পরিবর্তনের মধ্য দিয়ে দেশটি গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।’

ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না বলে উল্লেখ করে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ‘মাটির গভীরে পুঁতে রাখা সব পারমাণবিক ‘আবর্জনা’(বি-২ বোমারু বিমান দিয়ে ধ্বংস করা হয়েছিল) খনন করে সরিয়ে ফেলতে’ তেহরানের সঙ্গে কাজ করবে।

ট্রাম্প বলেন, ‘এটা বর্তমানে এবং আগে থেকেই অত্যন্ত সূক্ষ্ম স্যাটেলাইট নজরদারির আওতায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘হামলার দিন থেকে এখন পর্যন্ত কোনো কিছুই স্পর্শ করা হয়নি। আমরা ইরানের সঙ্গে শুল্ক এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করছি এবং করব। আমাদের প্রস্তাবিত ১৫টি পয়েন্টের মধ্যে অনেকগুলোতেই ইতিমধ্যে ইরান রাজি হয়েছে।’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। টানা ৪০ দিন যুদ্ধ-সংঘাতের পর অবশেষে গত ৮ এপ্রিল ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান এবং যুক্তরাষ্ট্র। পরে ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তারা ইরানে আর হামলা পরিচালনা করবে না।

তবে লেবাননে হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত