সময় সংবাদ লাইভ রিপোর্ট: বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে বিভেদ ও মতবিরোধ উসকে দিতে ‘শত্রুরা’ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি মুসলিম দেশগুলোর জনগণ ও সরকারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইঙ্গিত করে এক বিবৃতিতে খামেনি বলেন, বিভিন্ন জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভক্তি ও শক্তি দুর্বল হওয়ার দিকে শত্রুরা নজর রাখছে এবং উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে। সেই সুযোগে তারা মুসলিম দেশগুলোর ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়।
এ কারণে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা।
ফিলিস্তিন প্রসঙ্গে খামেনি প্রশ্ন করেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকত এবং শক্তভাবে এক মুষ্টিতে পরিণত হতো, তাহলে ফিলিস্তিনি জনগণ কি দখলদারদের নিপীড়ন ও অপরাধের মুখে এতটা অসহায় হয়ে পড়ত?
পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ইসলামি ঐক্যের অধীনে এসব দেশের জনগণ ও সরকার ঐক্যবদ্ধ থাকলে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘পরিচয়হীন’ ব্যক্তিরা তাদের ভূমি ও সম্পদের প্রতি লোভ দেখানোর সাহস পেত না।
মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে খামেনি বলেন, তাদের ‘প্রকৃত শত্রুকে’ চিনতে হবে, শত্রুর পরিকল্পনা বুঝতে হবে এবং তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
তিনি যুক্তরাষ্ট্রের শাসকগোষ্ঠী ও ইসরায়েলকে মুসলিমদের ঐক্য ও বন্ধুত্বের ‘শপথবদ্ধ শত্রু’ হিসেবে উল্লেখ করে বলেন, তারা শুধু ইরান, ইরানি জনগণ বা ইসলামি প্রতিরোধের বিরোধী নয়; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলোসহ পুরো মুসলিম উম্মাহর প্রতিও তাদের বৈরিতা রয়েছে।