ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজ ডুবি

সময়  সংবাদ লাইভ রিপোর্ট: ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশিসহ ২৪ জন নাবিক ছিলেন। দুর্ঘটনার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।

ভারতীয় কর্মকর্তাদের বরাতে সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, ডুবে যাওয়া এমভি ওশেন উইনার-এ ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিক ছিলেন। জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল। এতে প্রায় ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। ওড়িশা থেকে এসব পণ্য জাহাজটিতে তোলা হয়েছিল।

স্থানীয় সময় ২০ আগস্ট রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে এমভি ওশেন উইনার যাত্রা শুরু করে। এরপর ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে।

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড বিষয়টি জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য সহায়তা চায়। এরপর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

ভারতীয় কোস্টগার্ডের বরদ ও আনমোল নামের দুটি জাহাজকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ছাড়া বিজিত নামের আরেকটি জাহাজ উদ্ধার অভিযানে সহায়তার জন্য শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।

বঙ্গোপসাগরের ওই এলাকায় চলাচলরত অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং নিখোঁজ নাবিকদের উদ্ধারে সহায়তার জন্য অনুরোধ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

পিটিআইকে এক জ্যেষ্ঠ ভারতীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি লাইফ র‍্যাফট থেকে দুইজনকে উদ্ধার করেছে। অন্য নাবিকদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

এমভি ওশেন উইনার কী কারণে ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করার পাশাপাশি নিখোঁজ নাবিকদের উদ্ধারে ভারতীয় কর্তৃপক্ষের অভিযান চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত