ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ‘ড্রোন হামলা’ চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে এই দাবি করা হয়। খবর বিবিসির।
এর আগে মার্কিন নৌবাহিনী উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানি জাহাজ জব্দের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে বলে দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে সংঘাত শুরু হয় এবং পাঁচ সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যজুড়ে হামলা চলার পর দুই সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই মাসের শুরুর দিকে প্রথম দফা আলোচনা হয় এবং কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
এরপর ডোনাল্ড ট্রাম্প নৌ অবরোধের ঘোষণা দেন। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়েছে।
রোববারের আগে ট্রাম্প বলেন, তার প্রতিনিধিরা আজ সোমবার পাকিস্তানে পৌঁছাবেন, যেখানে দেশটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে বুধবার।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ছাড়াও ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জারেদ কুশনার প্রতিনিধিদলে থাকবেন, যারা আগের আলোচনাতেও উপস্থিত ছিলেন।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা বলেছে যে, দ্বিতীয় দফায় আলোচনা হবে, এই খবর সত্য নয়।