সময় সংবাদ লাইভ রিপার্ট: পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে খিলগাঁও থানাধীন ২ নম্বর ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত হয়েছে।গত শনিবার (১ নভেম্বর ) আয়োজিত এ কর্মসূচিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়। এ সময় নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এ ছাড়া সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ ও সমাজসেবক এবং ‘আগামীর বাংলাদেশ’-এর আহ্বায়ক আলমগীর পারভেজ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম কবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের একার নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। নিজের বাড়ি, আঙিনা, আশপাশের পরিবেশ ও চলাচলের পথ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আগামীর বাংলাদেশ’-এর আহ্বায়ক আলমগীর পারভেজ বলেন, পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়; এটি একটি নিয়মিত সামাজিক অভ্যাস ও নাগরিক দায়িত্ব। সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসী সচেতন ও দায়িত্বশীল হলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত ঢাকা গড়ে তোলা সম্ভব।সবার সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতাই পারে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে।