সময় সংবাদ লাইভ রিপোর্ট: পোশাকশিল্পের অস্থিরতা নিরসনের লক্ষ্যে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত রয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরা উপস্থিত রয়েছেন। এ ছাড়া ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কয়েকজন পুলিশ কর্মকর্তাও বৈঠকে অংশ নিয়েছেন।
শ্রমিকদের আন্দোলন ও পোশাক কারখানায় অস্থিরতা নিরসনে গতকাল রোববার প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ বৈঠক হচ্ছে। এর আগে এদিন শ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করা হয়।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় এবং রাজধানীর প্রবেশপথগুলোতে আন্দোলন চলছে।