ঢাকা বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রুর সবাই নিহত

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রুর সবাই নিহত

সময় সংবাদ লাইভ রিপোর্ট:দেশটির বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি এটিআর-৪২ মডেলের। দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে। গতকাল সোমবার পশ্চিম আফ্রিকার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। খবর রয়টার্স।

নাইজেরিয়ার বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানিয়েছেন, বিমান বাহিনীর একটি এটিআর-৪২ উড়োজাহাজ বেনিন সিটি থেকে লাগোসে যাওয়ার পথে নিয়মিত মিশনে ছিল। সোমবার স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উপকূলীয় শহর ইগবোকোদার কাছে একটি নৌঘাঁটির সন্নিকটে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।

দেশটির বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি এটিআর-৪২ মডেলের। দুর্ঘটনার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের সদস্যরা নৌকায় করে অভিযান চালাচ্ছেন। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ও দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে অনলাইন সংবাদমাধ্যম মিরর ডট কো ডট ইউকে জানিয়েছে, উড়োজাহাজটি একটি নদীর কাছে বিধ্বস্ত হয়েছে। ধ্বংসাবশেষের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, উড়োজাহাজটি আছড়ে পড়ার সময় তারা বজ্রপাতের মতো বিকট শব্দ শুনতে পান। দুর্ঘটনাস্থলে নিহতদের দেহের বিভিন্ন অংশ, পোশাক ও জুতাসহ বিভিন্ন ধ্বংসাবশেষ দেখা গেছে।

এদিকে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এক বিবৃতিতে তিনি বলেন, বিমান বাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ জানতে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার জন্য বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত