সময় সংবাদ লাইভ রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া বাকি তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
অন্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
বর্তমানে এই মামলার চার আসামিই পলাতক। তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়াসহ প্রত্যেকের বিরুদ্ধে তিনটি করে অভিযোগ আনা হয়েছিল।
প্রথম অভিযোগে মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড ও বাকি দুই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড; অন্য আসামিদের প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও বাকি দুই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
২০২৫ সালে ২ নভেম্বর এ মামলার অভিযোগ গঠন হয়। এতে সাক্ষ্য দেন মোট ১৮ জন। দুই দফায় শেষ হয় যুক্তিতর্ক। এর পরই আজ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।