ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

রাতারাতি দেশ পুনর্গঠন করা সম্ভব নয়: রিজভী

রাতারাতি দেশ পুনর্গঠন করা সম্ভব নয়: রিজভী

সময় সংবাদ লাইভ রিপোর্ট:  ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বিএনপির নির্বাচিত সরকার গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘রাতারাতি দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। তবে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সংকট উত্তরণে কাজ করছে।’

সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। নৈরাজ্যের এক ঘন অন্ধকারের মধ্যে একটি বিপুল তরঙ্গের আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট পেলাম এবং একটি পরিবর্তন ঘটলো।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আগের সময়ে একের পর এক ব্যাংক দুর্নীতি ও মেগা দুর্নীতির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যেই দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করেছেন।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা পূরণে তিনি ক্ষমতা গ্রহণের প্রায় প্রথম দিন বা দ্বিতীয় দিন থেকেই কর্মযজ্ঞ শুরু করেছেন।’

নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চায় উল্লেখ করে রিজভী বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা সরকারের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব সংকটের মধ্যেও সরকার পরিস্থিতি মোকাবিলা ও সংকট উত্তরণে দিনরাত কাজ করে যাচ্ছে।

তবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ ও অন্যান্য পরিস্থিতির কারণে দেশের উন্নয়নের গতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।তিনি জানান, বিভিন্ন সেক্টরে সংকটগুলো উত্তরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী। 

বর্তমান সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরকারের ছয় মাসে (১৮০ দিনের) কর্মকাণ্ডের বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত