ঢাকা শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
সংবাদ শিরোনামঃ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সময় সংবাদ লাইভ রিপোর্ট: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামকস্থানে সিলেটগামী ৯৫১ নংতেলবাহী ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ১২ ঘণ্টা যাবত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

আজ বৃহস্পতিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। 

মনতলা স্টেশন মাষ্টার আতাউর রহমান খাদেম জানান, রেললাইন থেকে উল্টে যাওয়া ৫টি বগির মধ্যে ইতোমধ্যে ২টি বগি উদ্ধার করা হয়েছে। 

এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনাটি ঘটে। তবে কেউ হতাহত হয়নি। 

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে তেলবাহী ট্রেনটি ৫টি বগি নিয়ে লাইনচ্যুত হলে কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। অনেকে লাইনচ্যুত বগি থেকে তেল লুট করার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে মনতলা রেলস্টেশন অতিক্রমকালে এর ৫টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই এবং তেল লুটপাট বন্ধ করি। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করেছি। ফায়ার সার্ভিসসহ আমরা সবাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।’

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার লিটন কুমার চন্দ্র দেব বলেন, ‘উদ্ধার কার্যক্রম চলছে। আজ সকাল ৮টা পর্যন্ত দুইটি বগি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ আছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত