সময় সংবাদ লাইভ রিপোর্ট:দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৪ টাকা পর্যন্ত কমেছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়।
আজ মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, এদিন সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯১ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। সনাতনী স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এর আগে ২৮ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করে বাজুস। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।