সময় সংবাদ লাইভ রিপোর্ট: ২৩ বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অপেক্ষায় বাংলাদেশ। ২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। এবার আবারও ঘরের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে আত্মবিশ্বাসী জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী। তার বিশ্বাস, বর্তমান দলটির সামর্থ্য রয়েছে সাফ চ্যাম্পিয়ন হওয়ার।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। তবে শুধু সেমিফাইনাল নয়, এবার শিরোপা জিতেই সমর্থকদের আনন্দে ভাসাতে চান হামজা। তার মতে, দলের ভেতরে সবার মধ্যেই শিরোপা জয়ের প্রবল আকাক্সক্ষা রয়েছে।
মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ও দলের প্রত্যাশার কথা জানান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার। হামজা বলেন, ‘প্রথমত আমি খুবই রোমাঞ্চিত। আমরা সবাই রোমাঞ্চিত। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচ জিততে চাই। আমাদের ওপর অনেক চাপ রয়েছে, সেটা আমরা জানি। তবে দলের সবাই এই শিরোপা চায়। অনুশীলনেও আমাদের সেই মানসিকতা দেখা যাচ্ছে। ইনশাল্লাহ, আমরা সাফ চ্যাম্পিয়নশিপ জিততে চাই।’
২০০৩ সালে ঢাকার মাটিতে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ। হামজা মনে করেন, বর্তমান দলটির ওপর আস্থা রাখার যথেষ্ট কারণ রয়েছে। সাম্প্রতিক সময়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্সও তাকে আশাবাদী করে তুলেছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি, পুরো দেশ আমাদের কাছে শিরোপা প্রত্যাশা করছে। তবে এই দলের ওপর আমাদের অনেক আত্মবিশ্বাস রয়েছে। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে আমরা খেলেছি। ভারতের বিপক্ষেও জয় পেয়েছি। আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমাদের আরও ভালো খেলার সামর্থ্য রয়েছে। ইনশাল্লাহ, এই টুর্নামেন্টে আমরা শিরোপা জিততে পারব।’
শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি নিয়েও সতর্ক হামজা। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না তিনি। তার মতে, গত এক বছরে লংকানদের খেলায় যথেষ্ট উন্নতি হয়েছে। তবে বাংলাদেশের উন্নতিও কম নয়। ভুটানের বিপক্ষে শ্রীলংকার কঠিন ম্যাচের বিপরীতে বাংলাদেশ নিজেদের পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছে।
হামজার ভাষায়, ‘শ্রীলংকা খুবই শক্তিশালী দল। গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে আমরাও উন্নতি করেছি। ভুটানের বিপক্ষে তাদের কঠিন ম্যাচ ছিল, অন্যদিকে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। আমাদের আত্মবিশ্বাস রয়েছে। চাপটা তাদের ওপর, কারণ তারা হারতে চাইবে না। আমরা ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী এবং ইনশাল্লাহ আগামীকাল জিতব।’
বাংলাদেশের সাম্প্রতিক ম্যাচগুলোতে গোলের সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগানোর ক্ষেত্রে ঘাটতি দেখা গেছে। বিশেষ করে আক্রমণভাগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিষয়টি নিয়ে মোটেও উদ্বিগ্ন নন হামজা। তার মতে, সুযোগ তৈরি করতে পারাটাই ইতিবাচক দিক। এখন প্রয়োজন সেগুলোকে গোলে পরিণত করা।
নিজেরও সুযোগ নষ্ট করার অভিজ্ঞতা রয়েছে জানিয়ে হামজা বলেন, ‘আমি উদ্বিগ্ন নই। যদি আমরা সুযোগই তৈরি করতে না পারতাম, তাহলে চিন্তার বিষয় ছিল। মালয়েশিয়ার বিপক্ষে আমিও সুযোগ নষ্ট করেছি। তবে শেষ মুহূর্তে গোল করেছি। আমরা সুযোগ তৈরি করছি। ইনশাল্লাহ, সেগুলোকে গোলে পরিণত করতে পারব।’
এদিকে ফারহান আলী ওয়াহিদের আগমন এবং আক্রমণভাগে নতুন সমন্বয় নিয়েও আশাবাদী হামজা। তার বিশ্বাস, অনুশীলন ও ম্যাচ খেলার মধ্য দিয়ে স্ট্রাইকারদের আত্মবিশ্বাস বাড়বে। গোলের সামনে আরও কার্যকর হয়ে উঠবে বাংলাদেশ।
জাতীয় দলে নিজের ভূমিকা নিয়েও কথা বলেছেন হামজা। মাঝমাঠ সামলানোর পাশাপাশি কখনও আক্রমণে, কখনও রক্ষণে সহায়তা করতে দেখা যায় তাকে। কোচের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। হামজার স্বীকারোক্তি, কখনও কখনও দলের জন্য অতিরিক্ত কিছু করতে গিয়ে নিজের দায়িত্বের বাইরেও চলে যান। তবে সতীর্থদের সামর্থ্যরে ওপর তার আস্থা রয়েছে। সবাইকে নিয়ে সঠিক সমন্বয় গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।
বাংলাদেশের ফুটবল নিয়ে সমর্থকদের বাড়তি উন্মাদনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন হামজা। তবে শুধু উন্মাদনা নয়, মাঠের সাফল্যের মাধ্যমে সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান তিনি। তার মতে, হামজার পাশাপাশি শোমিত, ফারহান, ফাহামিদুল ও তারিক কাজীর মতো ফুটবলারদের আগমনও জাতীয় দলকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি করেছে।
সমর্থকদের উদ্দেশে হামজা বলেন, ‘মানুষ আমাকে অনেক ভালোবাসা ও সমর্থন দিয়েছে। ইংল্যান্ডে আমার খেলা দেখতেও অনেক বাংলাদেশি সমর্থক যান। বিষয়টি আমার ও আমার পরিবারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যারা সময় ও অর্থ ব্যয় করে আমাদের খেলা দেখতে আসেন, তাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। এখন আমাদের ম্যাচ ও টুর্নামেন্ট জিততে হবে।’
বাংলাদেশের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন করা হয়েছিল হামজাকে। স্থায়ী অধিনায়কের দায়িত্ব পেলে তা গ্রহণ করবেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, কোচ চাইলে অধিনায়কের দায়িত্ব পালন করতে প্রস্তুত। তবে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘সিদ্ধান্তটি পুরোপুরি কোচের ওপর নির্ভর করছে। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের ঐক্য ও পারিবারিক পরিবেশ।’
সবশেষে সাফের ফেভারিট দল নিয়ে প্রশ্নের জবাবে হামজা বাংলাদেশের নামই সামনে এনেছেন। তার বিশ্বাস, এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার স্বাগতিকরা।
২৩ বছরের অপেক্ষা, ঘরের মাঠের সমর্থন এবং নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে এবার স্বপ্ন দেখছে বাংলাদেশ। হামজার আত্মবিশ্বাস সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করেছে। তবে কথার প্রতিফলন মাঠে ঘটিয়ে শিরোপা ঘরে তুলতে পারলেই পূরণ হবে কোটি সমর্থকের প্রত্যাশা।