সময় সংবাদ লাইভ রিপোর্ট: নারী ইমার্জিং নেশন্স কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দেশের অন্যতম সেরা পেসার মারুফা আক্তার।
ডান পায়ের গোড়ালিতে ব্যথা থাকায় মারুফাকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে দলে ফিরেছেন সাথী রানি, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন। বিশ্রামে রাখা হয়েছে সুলতানা খাতুনকে। আইসিসির এ টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার।
১০ দলের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি (পিএনজি) ও সংযুক্ত আরব আমিরাত।
আগামী ১২ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
নারী টি-টোয়েন্টি দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শরমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুরাইয়া ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানি।