ঢাকা রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের

সময় সংবাদ লাইভ রিপোর্ট: জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। তারা বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে রিহ্যাব সচিবালয়ে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

সভাপতির বক্তব্যে ড. আলী আফজাল বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ। গণতন্ত্রকে টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই ৭ নভেম্বরের অন্যতম শিক্ষা। এ দিবস জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সম্মিলিত দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক বলেন, জাতীয় ঐক্য ও সংহতির মাধ্যমে যেকোনো সংকট মোকাবিলা সম্ভব। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মনোভাব জোরদার করতে হবে।

ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ বলেন, ৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। অন্যদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। দুটি ঘটনার প্রেক্ষাপট ভিন্ন হলেও জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব এতে প্রতিফলিত হয়েছে। দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন- রিহ্যাবের পরিচালক গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মো. মোস্তফা কামাল, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, শেখ কামাল, এম ফখরুল ইসলাম ও এ এস এম আবদুল গাফফার মিয়াজীসহ অন্য নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত