ঢাকা বৃহঃস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, এক পরিবারের দগ্ধ ৫

কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, এক পরিবারের দগ্ধ ৫

সময় সংবাদ লাইভ রিপোর্ট: রাজধানীর ধানমন্ডির কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় ১০ তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে শিশুসহ এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে কাঞ্চন টাওয়ার নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্ল্যাটটির গ্যাসের লাইন খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিদগ্ধ পাঁচ রোগী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান এই চিকিৎসক। 

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত