সময় সংবাদ লাইভ রিপোর্ট: আগামী ১৬ ডিসেম্বর এয়ারক্রাফটে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি এয়ারক্রাফট চাচ্ছেন এটি নজিরবিহীন ও হাস্যকর ঘটনা।
আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক আছেন। একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, যিনি ফেরারি জীবনযাপন করছেন, তিনি বাংলাদেশ সরকারের কাছে এয়ারক্রাফট চাচ্ছেন এবং তার জনৈক মুখপাত্র এটি বিবৃতি আকারে প্রচার করছেন, এটি একটি হাস্যকর ঘটনা।
তিনি বলেন, ‘আমি মনে করি যে এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টির যে মুখপাত্র, যিনি এই দাবি করেছেন, এই বিবৃতিটা তার উন্মাদনা ছাড়া কিছু না। কারণ হচ্ছে, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল দাবি।’
ব্রিফিংয়ে ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগ সন্ত্রাসী ও খুনি হিসেবে পরিচয় স্পষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম।
এর আগে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।
রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চান তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।