সময় সংবাদ লাইভ রিপোর্ট: প্রত্যাশা অনুযায়ী মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৭ বছর বয়সী এই ফুটবলার লিগের ইতিহাসে কিশোর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে পরিসংখ্যানসমৃদ্ধ মৌসুম কাটিয়েছেন। ২৯ ম্যাচে করেছেন ৯ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪ গোল। মৌসুমের শুরুতে দলীয় পারফরম্যান্স ভালো না হলেও বিশ্বকাপ বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। তার নৈপুণ্যে শেষ ১৯ ম্যাচের ১২টিতে জয় পায় ফিলাডেলফিয়া ইউনিয়ন। এর ফলে এমএলএস কাপের প্লে-অফেও জায়গা করে নেয় দলটি।
১৭ বছর ৫৬ দিন বয়সে এই পুরস্কার জিতে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন সুলিভান। ২০২০ সালে বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কারটির পরিবর্তে বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার চালু করা হয়।
খেলোয়াড়, সংবাদমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের ভোটে ৬৫ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছেন সুলিভান। দ্বিতীয় হয়েছেন নিউইয়র্ক রেড বুলসের ফরোয়ার্ড জুলিয়ান হল, তার ভোট ১০ দশমিক ৯৮ শতাংশ। একই দলের আদ্রি মেহমেতি ৫ দশমিক ৯৮ শতাংশ ভোট পেয়ে হয়েছেন তৃতীয়।
খেলোয়াড়দের ভোটের ৬০ শতাংশ এবং সংবাদমাধ্যমের ভোটের ঠিক ৮০ শতাংশ পেয়েছেন সুলিভান।
ফিলাডেলফিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে বর্ষসেরা তরুণ কিংবা বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। এ ছাড়া মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও পাঁচ চূড়ান্ত প্রার্থীর একজন সুলিভান। ফলে তরুণ খেলোয়াড়ের পুরস্কারটি তার হাতে ওঠা অনেকটাই প্রত্যাশিত ছিল।
মৌসুমের প্রথমার্ধে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সুলিভান। সাবেক কোচ ব্র্যাডলি কারনেলের অধীনে ১৫ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল ইউনিয়ন। তবে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ডিফেন্স ফোর্স এফসির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে দুটি গোল ও দুটি গোলে সহায়তা করেন তিনি। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে শেষ ষোলোর দুই লেগের ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এবং দুই ম্যাচ মিলিয়ে ইউনিয়নের অন্যতম সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান। লিগে তার প্রথম গোল আসে ১৩ মে, অরল্যান্ডোর বিপক্ষে।
বিশ্বকাপ বিরতির পর ২২ জুলাই রায়ান রিখটার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেওয়ার পর বদলে যায় সুলিভানের পারফরম্যান্স। বিরতির পর প্রথম তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। তিন ম্যাচেই জয় পায় ইউনিয়ন। এরপর ৯ আগস্ট নেকাক্সার বিপক্ষে ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করান।
১৬ আগস্ট নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচে দুটি গোলে সহায়তা করেন সুলিভান। এরপর টানা আট ম্যাচে তার নামের পাশে যোগ হয় ছয় গোল, পাঁচটি গোলে সরাসরি সহায়তা এবং আরও পাঁচটি গোলের আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে টানা আট ম্যাচে জয় পায় ইউনিয়ন। এমএলএসে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও গড়ে ক্লাবটি। দুটি কীর্তিই ক্লাবটির ইতিহাসে নতুন রেকর্ড।
এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে একটি গোলও করেন তিনি। এরপর হাইতির বিপক্ষে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের জন্য ঘোষিত দলেও জায়গা পান। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন এই তরুণ।
জাতীয় দল থেকে ফিরে দুই ম্যাচে আরও দুটি গোলে সহায়তা করেন সুলিভান। এরপর গোড়ালির চোটের কারণে দুটি ম্যাচে খেলতে পারেননি। তবে মৌসুমের শেষ ম্যাচে টরন্টোর বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি পেনাল্টি আদায় করে নেন তিনি।
২০২৪ সালে অভিষেকের পর সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৪০ মিনিট খেলেছিলেন সুলিভান। তখন যুক্তরাষ্ট্রের পুরুষদের পেশাদার ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ড গড়েন তিনি। গত বছর খেলেন ৪০০ মিনিট। আর চলতি মৌসুমে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই তরুণ।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২ হাজার ২৯৬ মিনিট মাঠে ছিলেন সুলিভান। করেছেন ১২ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭ গোল। মাত্র ১৭ বছর বয়সেই এমন সাফল্য তাকে এমএলএসের অন্যতম আলোচিত তরুণ প্রতিভায় পরিণত করেছে।
কাভান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই। তাদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বসত গড়েন।