সময় সংবাদ লাইভ রিপোর্ট: আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) টি-টোয়েন্টি খেলোয়াড় বাছাইয়ে মঙ্গলবার দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার—সাকিব আল হাসান, নাহিদ রানা ও শামীম হোসেন। দুবাইয়ে অনুষ্ঠিত খেলোয়াড় বাছাইয়ে তিনটি ভিন্ন দল তাদের দলে নিয়েছে।
ডায়মন্ড শ্রেণি থেকে দ্বিতীয় দফার বাছাইয়ে পেসার নাহিদ রানাকে দলে নিয়েছে টিম পাকতিয়া। একই শ্রেণি থেকে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়েছে নানগারহার কসমিক। অন্যদিকে, স্বর্ণ শ্রেণি থেকে শামীম হোসেনকে দলে নিয়েছে অ্যাকসেল ইউনাইটেড কাবুল।
পাঁচটি শ্রেণিতে মোট ৪৬২ জন ক্রিকেটারের নাম বাছাইয়ের জন্য তালিকাভুক্ত হওয়ার কথা ছিল। শ্রেণিগুলো হলো—প্লাটিনাম, ডায়মন্ড, স্বর্ণ, রৌপ্য ও উদীয়মান।
বাংলাদেশের সাদা বলের অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, জাকের আলী, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনসহ আরও কয়েকজন ক্রিকেটারও খেলোয়াড় বাছাইয়ে নাম নিবন্ধন করেছিলেন। তবে তাদের কেউ দল পাননি।
নতুন করে সাজানো পাঁচ দলের এপিএল আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পরিবর্তে পুরো প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড ২০১৮ সালের শুরুতে প্রথমবারের মতো এপিএল আয়োজন করেছিল। তবে পাঁচ দলের সেই প্রতিযোগিতা মাত্র এক মৌসুম পরই বন্ধ হয়ে যায়।
ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শহীদ আফ্রিদির মতো তারকা টি-টোয়েন্টি ক্রিকেটাররা সেই আসরে অংশ নিয়েছিলেন। কিন্তু পারিশ্রমিক নিয়ে বড় ধরনের বিরোধ এবং টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রতিযোগিতাটি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়।