সময় সংবাদ লাইভ রিপোর্ট: গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। শ্রম ওকর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকা এবং বিভিন্ন কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে বোর্ডের কার্যক্রমে অগ্রগতি দেখাতেই এ সভা অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্রগুলো জানায়, প্রথম সভার মাধ্যমে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরার লক্ষ্য রয়েছে এ সভার।
এর আগে রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের এ মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশিল্পের শ্রমিকেরা গত সপ্তাহে বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে সেই বিক্ষোভ গাজীপুর, সাভার-আশুলিয়া ও মিরপুরে ছড়িয়ে পড়ে। পোশাকশ্রমিকদের মজুরি বাড়াতে গত রোববার সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি।