দেশের সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ।
সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এরপর একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও চলবে ভোট গ্রহণ। দুই দিনব্যাপী এ নির্বাচনে ২১ হাজার ৭৩১ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার উত্তেজনা। নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামীপন্থি আইনজীবীদের প্যানেল। তবে দুই দশকের পুরনো মিত্র বিএনপি-জামায়াত জোট ভেঙে প্রথমবারের মতো তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী।
ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার দাবি জানিয়েছেন ভোটাররা। তবে শঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। তাদের দাবি- নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।