সময় সংবাদ লাইভ রিপোর্ট: রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে।এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে দেশের পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টি কিংবা উৎপাদন বন্ধের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্ন স্থানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার অনেক ক্ষেত্রেই শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্ক নেই। কোনো কোনো মহল রাজনৈতিক হীন স্বার্থে কারখানার উৎপাদন বন্ধ রাখতে উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে।’এ সময় দুষ্কৃতিকারীরা হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, শ্রমিকদের দাবিগুলো নিয়ে আলোচনা চলছে এবং এজন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকনেতা ও মালিকপক্ষের অধিকাংশ প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্ট বলে দাবি করেন তিনি ।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির ভিত্তিতে মজুরি নির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় মাথায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা বোর্ডেই হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। তাই নতুন করে অস্থিরতা তৈরির কোনো সুযোগ নেই। যারা কারখানা বন্ধের চেষ্টা করছে বা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।