খুলনায় চায়ের দোকানে ঢুকে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত পৌনে ১টার দিকে নগরের খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোনা মিয়া (৩৮) ওই এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, একটি মোটরসাইকেলে আসা তিন যুবক অতর্কিতভাবে চা দোকানদার সোনা মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, মরদেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় খালিশপুর থানার কয়েকটি টিম এলাকায় অভিযান শুরু করেছে।