ঢাকা সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

নেতানিয়াহুকে গদিচ্যুত করতে একজোট ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে গদিচ্যুত করতে একজোট ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী

ইসরাইলে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার একজোট হয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ। তারা একসঙ্গে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) এক যৌথ টেলিভিশন ভাষণে নাফতালি বেনেট বলেন, তিনি ও লাপিদ একত্রে ‘বেয়াহাদ’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করছেন। তাদের লক্ষ্য হলো আসন্ন নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এবং ইসরাইলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করা। বেনেট বলেন, এটি তাদের মতে দেশের জন্য একটি দেশপ্রেমিক ও ঐক্যবদ্ধ পদক্ষেপ।

ইয়াইর লাপিদ এই জোটকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, বেনেট একজন ডানপন্থী রাজনীতিক হলেও তার সঙ্গে পারস্পরিক আস্থা রয়েছে। তাদের মতে, এই জোট ইসরাইলের রাজনৈতিক বিভাজন কমিয়ে একটি নতুন ‘সংস্কার ব্লক’ তৈরি করতে সহায়তা করবে।

নতুন জোট গঠনের ঘোষণার পাশাপাশি বেনেট জানান, নির্বাচিত হলে তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে তদন্তের জন্য একটি জাতীয় কমিশন গঠন করবেন। বর্তমান সরকার এ ধরনের তদন্ত কমিশনের বিরোধিতা করায় বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

উভয় নেতা দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের কড়া সমালোচক। তাদের অভিযোগ, বর্তমান নেতৃত্ব দেশকে নিরাপত্তা ও কূটনৈতিক সংকটে ফেলেছে। বিশেষ করে সাম্প্রতিক যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা নিয়েও তারা সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নতুন জোট ইসরাইলের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। জনমত জরিপেও দেখা যাচ্ছে, নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী শিবির একত্র হলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন হয়ে উঠতে পারে।


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত