ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

নতুন অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ

নতুন অর্থবছরে কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ

সময় সংবাদ লাইভ রিপোর্ট: কৃষি ও পল্লি অর্থনীতিকে আরও চাঙা করতে নতুন অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণে বড় লক্ষ্য নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে মোট ৬০ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ২০ হাজার ৪৯৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের জন্য ৩৯ হাজার ৫০৫ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য দেওয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এ নীতিমালা ও কর্মসূচির উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন।এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, চিফ ইকোনমিস্ট, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ কৃষি ঋণ বিভাগের কর্মকর্তারা এবং তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

একই অনুষ্ঠানে কৃষি ও পল্লী ঋণ কর্মসূচির তথ্য ব্যবস্থাপনা ও নীতি প্রণয়নে ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রস্তুত করা ওয়েব-বেসড এগ্রি-ক্রেডিট এমআইএস সফটওয়্যার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত নীতিমালায় বলা হয়েছে, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো পল্লি অঞ্চলে টেকসই উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙা করা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় ও জীবনমান উন্নয়ন। কৃষির উৎপাদন বাড়ানোর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যেও কৃষি খাতে পর্যাপ্ত ঋণপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগের অর্থবছরে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লক্ষ্যমাত্রায় বড় ধরনের বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত