ঢাকা শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

নয়াপল্টনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা ৮ ফেব্রুয়ারি

নয়াপল্টনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা ৮ ফেব্রুয়ারি

সময় সংবাদ লাইভ রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, দুপুর ২টায় বিএনপির নির্বাচনী সর্বশেষ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় নেতারা জানান, এই জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিটসহ অঙ্গসংগঠনের নেতাদের নির্দেশনা পাঠানো হয়েছে।

বিএনপি সূত্র জানায়, এই জনসভাকে নির্বাচনপূর্ব চূড়ান্ত শক্তিপ্রদর্শন হিসেবে দেখছে দলটি। জনসভায় নির্বাচনী প্রতিশ্রুতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় তুলে ধরবেন তারেক রহমান।

আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

এদিকে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত