ঢাকা বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
সংবাদ শিরোনামঃ

ভিন্ন ইস্যুতে মতভেদ হাসিনা প্রশ্নে কাছাকাছি ফ্যাসিবাদবিরোধীরা

ভিন্ন ইস্যুতে মতভেদ  হাসিনা প্রশ্নে কাছাকাছি ফ্যাসিবাদবিরোধীরা

সময় সংবাদ লাইভ রিপোর্ট: রাজনীতির মাঠে নানা ইস্যুতে মতবিরোধ, পাল্টাপাল্টি অবস্থান ও রাজনৈতিক দূরত্ব থাকলেও শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর প্রশ্নে এক বিন্দুতে দাঁড়িয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার, নির্বাচনব্যবস্থা ও ক্ষমতার ভারসাম্যসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা তারা দেখছে রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে। তিন দলের নেতাদের মতে, বর্তমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে এ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা, ঝটিকা মিছিল, নাশকতা কিংবা সহিংসতার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। এখনই আলাদা কোনো প্রতিরোধ কর্মসূচির পরিকল্পনা না থাকলেও পরিস্থিতির অবনতি হলে দলমত-নির্বিশেষে রাজপথে নামার প্রস্তুতি রয়েছে তাদের। অর্থাৎ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও মতবিরোধের ঊর্ধ্বে উঠে হাসিনা ও আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকানোর প্রশ্নে অভিন্ন অবস্থানে রয়েছে তিন দল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। দেশে অবস্থানকারী কর্মীরা হামলা-মামলায় জর্জরিত। বেশ কিছুদিন নীরব থাকলেও দলটির নেতারা এখন সরব হওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নানাভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। আন্তর্জাতিক পরিম-লে নিজেদের অবস্থান তুলে ধরছেন শেখ হাসিনাসহ দলটির শীর্ষ নেতারা। এরপর দলটিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর দিলারা চৌধুরী আমাদের সময়কে বলেন, আওয়ামী লীগের দ্রুত রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখনও ক্ষীণ। তার ভাষ্য, শেখ হাসিনা দেশে ফিরবেন না। মূলত কর্মী-সমর্থকদের চাঙ্গা রাখতে শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল, জ¦ালাও-পোড়াও দেখা গেলেও সেটিকে আওয়ামী লীগের কার্যকর রাজনৈতিক প্রত্যাবর্তন বলা যাবে না। বর্তমান রাজনৈতিক ও আইনি বাস্তবতায় দলটির জন্য রাজনীতির মূলধারায় ফিরে আসা সহজ হবে না। নিজের অবস্থান প্রশ্নে বর্তমান সরকারি দল ও বিরোধী দল আওয়ামী লীগকে রাজনীতিতে করতে দেবে না এটাই স্বাভাবিক। সম্প্রতি দলটি ফের সক্রিয় হওয়ার চেষ্টা প্রশ্নে তিনি বলেন, কেউ কেউ ঝটিকা মিছিলের চেষ্টা করছে। প্রশাসন শক্তভাবে সেগুলো দমন করবে। যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ সুতরাং তাদর ফেরার সুযোগ নেই। বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীরা এ ব্যাপারে ছাড় দেবে না। রাজনীতিতে মতপার্থক্য থাকলেও শেখ হাসিনা প্রশ্নে তাদের অবস্থান অভিন্নই হবে বলে মনে করেন তিনি।

এদিকে জামায়াতে ইসলামীর সংসদীয় সভায় গত মঙ্গলবার সিদ্ধান্ত হয়েছে, দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, যানবাহনে আগুনের মতো ঘটনা রাজনৈতিকভাবে প্রতিরোধে জামায়াতের নেতাকর্মীরা রাজপথে নামবে- যদি সরকারের তরফ থেকে ঐক্যের আহ্বান আসে। আর যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে যে কেনো সময় নামার প্রস্তুত থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি কোনো অবস্থায় মেনে নেবে না।

এনিয়ে দলগুলোর নেতারা প্রতিবেদকের কাছে জানান, পতিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তব উদ্যোগের চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখা এবং রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন তারা। তারা মনে করেন, ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা সাংগঠনিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন। বিশেষ পরিস্থিতি তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কাও রয়েছে। সংবিধান সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন বিএনপির সঙ্গে মতপার্থক্য রয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তবে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে তিন দলের অবস্থান অভিন্ন। রাজনৈতিক বিভেদ থাকলেও হাসিনার প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে দলগুলো। প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় কর্মসূচিও দিতে পারে তারা।

আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা বা সহিংসতার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর অবস্থান নেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ায় তার বিচার হবে। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্প্রতি দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ শেখ হাসিনার প্রত্যাবর্তন মেনে নেবে না। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাসসুজ্জামান দুদু আমাদের সময়কে বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রতিরোধে এখনই অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি তৈরি হয়নি। তবে পরিস্থিতি দাবি করলে দলমত-নির্বিশেষে তাকে প্রতিরোধ করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে অভিহিত করেছেন। তার মতে, আওয়ামী লীগ নেতাকর্মীদের চাঙ্গা রাখা ও দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। শেখ হাসিনা ফিরতে চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অন্যথায় জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার আমাদের সময়কে বলেন, শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন না। এগুলো নেতাকর্মীদের চাঙ্গা রাখার কৌশল। তবে ফিরে এলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের সময়কে বলেন, বিচ্ছিন্ন মিছিল, ঝটিকা হামলা ও নাশকতার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয়। দলটিকে অতীতের কর্মকা-ের জন্য জবাবদিহি করতে হবে। সংবিধান, রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে মতপার্থক্য থাকলেও শেখ হাসিনা ও আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা নিয়ে তাদের অবস্থান কাছাকাছি। ডিসেম্বর ঘিরে পরিস্থিতির অবনতি হলে দলগুলো সমন্বিতভাবে কিংবা পৃথক কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় হতে পারে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেটিকে ব্যর্থ করতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ দেওয়া হবে না। প্রয়োজন হলে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে দলটির পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক শক্তিকে সঙ্গে নিয়েই দলটিকে মোকাবিলা করা হবে।

নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে কঠোর অবস্থানে রয়েছে। দলটির নেতারা বলছেন, নতুন বাংলাদেশ গঠনের যে অঙ্গীকার নিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের প্রত্যাবর্তন সেই লক্ষ্যকে বাধাগ্রস্ত করবে। সুতরাং এ ব্যাপারে কোনো ছাড় দেবে না দলটি।

এনসিপির সদস্য ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে আওয়ামী লীগের বিরুদ্ধে আনা গণহত্যাসহ সব অভিযোগগুলোর সুষ্ঠু নিষ্পত্তি প্রয়োজন। দলটির বিচার হওয়া জরুরি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্বাভাবিক করার কোনো সুযোগ নেই। প্রয়োজনে ফের মাঠে নামবে ছাত্র-জনতা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন পদ্ধতি, রাষ্ট্র সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন কিংবা ক্ষমতার ভারসাম্য নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে নানা মতভেদ রয়েছে। বিভিন্ন সময় এসব ইস্যুতে প্রকাশ্য বিতর্কও দেখা গেছে। তবে আওয়ামী লীগ প্রশ্নে তিন পক্ষের অবস্থান প্রায় অভিন্ন।

রাজনৈতিক প্রতিযোগিতায় পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকানোর প্রশ্নে দলগুলো একই কাতারে অবস্থান করছে। রাজনীতির মাঠে মতবিরোধ, পাল্টাপাল্টি অবস্থান ও দূরত্ব তবু একটি প্রশ্নে এক বিন্দুতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ডিসেম্বরকেন্দ্রিক ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-জল্পনা চললেও তিন দলই বলছে, তার ফিরে আসার বাস্তব সম্ভাবনা নেই। তবে ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য সাংগঠনিক তৎপরতা, নাশকতা কিংবা রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেউই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত