ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সময় সংবাদ লাইভ রিপোর্ট: বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উত্তাল বঙ্গোপসাগরের বরগুনার পাথরঘাটা এলকায় ১৩ জন জেলেসহ ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৮ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন পাঁচজন।

গতকাল সোমবার বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির মালিক বরগুনার পাথরঘাটার আশরাফ কোম্পানি। এতে থাকা ১৩ জন জেলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

নিখোঁজ জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, সাগরে তখন প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির মধ্যে ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ প্রচণ্ড তুফান ও ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এ সময় ব্রিজের ভেতরে থাকা জেলেদের মধ্যে একজন প্রায় ২০ মিনিট পর বের হতে সক্ষম হন।

তিনি আরও জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর ৮ জন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর একটি অন্য ট্রলারে উঠে প্রাণে বাঁচেন। তবে তাদের সঙ্গে থাকা আরও ৫ জেলের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দুইদিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় বাদল মোল্লার মালিকানাধীন এফবি বরকত। গতকাল সোমবার বৈরী আবহাওয়া ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে একটি অন্য ট্রলার ৮ জেলেকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ ৫ জেলেকে উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া ট্রলারে থাকা ১৩ জেলের বাড়িই পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত