সময় সংবাদ লাইভ রিপোর্ট: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গুলিবিদ্ধ হয়ে মাছুম আহমদ (৪০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
গতকাল সোমবার ১৭ আগস্ট স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে। তার মৃত্যুর খবর মঙ্গলবার সকালে দেশে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, নিহত মাছুম আহমদ বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। তার এক কন্যাসন্তান রয়েছে।
নিহতের ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী মানিক মিয়া জানান, সোমবার স্থানীয় সময় রাত ৪টার দিকে তাদের বাসায় পুলিশ আসে। দরজা খোলার পর পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। পরে মাছুমের ছবি দেখতে চায় পুলিশ। ছবি দেখানোর পর পুলিশ জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’
মাছুমের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
এদিকে আজ মঙ্গলবার দুপুরে পূর্ব কারিকোনা গ্রামের স্থানীয় মসজিদের মাইকে মাছুম আহমদ গুলিতে নিহত হওয়ার খবর জানানো হয়। পরবর্তীতে তার জানাজার সময় জানানো হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
নিহতের বাবা আমির আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তার ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর জানান। তবে, কী কারণে তার ছেলেকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তারা এখনো কিছু জানতে পারেননি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাছুম আহমদের দুই ভাই এবং দুই বোনও যুক্তরাজ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।