ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ঢাকার লোডশেডিং নিয়ে যে তথ্য দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাকার লোডশেডিং নিয়ে যে তথ্য দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সময় সংবাদ লাইভ রিপোর্ট:  ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরে আসায় রাজধানীতে কিছুটা লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘ঢাকায়ও কিছুটা বিদ্যুৎ সংকট সবাইকে মেনে নিতে হবে।’আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।জাহেদ উর রহমান বলেন, ‘দেশের বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সংকট। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিংয়ের বর্তমান পরিস্থিতি আর থাকবে না বলে আশা করা যায়।’আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘তবে ঢাকায় তা একেবারেই দেওয়া হয়নি। কারণ ঢাকার মানুষের ‘‘ভয়েস’’ বেশি এবং সামাজিক পুঁজি (সোশ্যাল ক্যাপিটাল) বেশি। ফলে ঢাকার মানুষ লোডশেডিং না দেখায় তাদের মধ্যে একটি বিশেষ ধরনের ধারণা তৈরি হয়েছে।’লোডশেডিংয়ের পরিমাণ নিয়ে তুলনামূলক তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩ সাল। ২০২৩ ও ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্ট মাসের গড় লোডশেডিংয়ের চিত্র তুলনা করলে দেখা যায়, জুন ও জুলাইয়ে ২০২৬ সালে লোডশেডিংয়ের পরিমাণ আগের বছরের তুলনায় কম ছিল।’তিনি আরও বলেন, ‘২০২৩ সালের জুনে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট। ২০২৬ সালের জুনে তা দাঁড়ায় ৭৪১ মেগাওয়াটে। একইভাবে ২০২৩ সালের জুলাইয়ে গড়ে লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে ছিল ৪৬০ মেগাওয়াট। তবে আগস্টের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।’জাহেদ উর রহমান বলেন, ২০২৩ সালের আগস্টে গড় লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট। কিন্তু ২০২৬ সালের আগস্টে তা বেড়ে ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে দাঁড়ায়।‘আগস্টে কী সংকট হয়েছিল’ তা সবাই জানেন উল্লেখ করে তিনি বলেন, ওই মাসে লোডশেডিংয়ের পরিমাণ অনেক বেড়েছিল। তবে জুন ও জুলাইয়ে ২০২৬ সালের গড় লোডশেডিং ২০২৩ সালের তুলনায় কম ছিল।রাজধানীকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরে আসার কথা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের ক্ষেত্রে কিছুটা অগ্রাধিকার দেওয়া যেতে পারে। তবে ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখা উচিত নয়।’তিনি বলেন, ‘ঢাকায়ও কিছুটা বিদ্যুৎ সংকট সবাইকে মেনে নিতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় ঢাকা কিছুটা অগ্রাধিকার পেতে পারে। কিন্তু ঢাকায় কোনো লোডশেডিং হবে না-এমন ধারণা থেকে সরে আসা দরকার। সে কারণেই এখন রাজধানীতেও কিছুটা লোডশেডিং হচ্ছে।’এই উপদেষ্টা আরও বলেন, ‘বিদ্যুৎ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা জানিয়েছেন, গ্যাসের যে সংকট ছিল সেটি কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে। ফলে বর্তমান সংকট আর এতটা প্রকট থাকবে না বলে তারা আশা করছেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত