বর্তমান সরকার বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ বাহিনীর আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করে প্রায় ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাহিনীতে ১০ হাজার নতুন কোস্ট গার্ড নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। জনবল বৃদ্ধির সঙ্গে আধুনিকায়নে এ বাহিনী হয়ে উঠবে আরও শক্তিশালী।’
এ সময় কোস্ট গার্ডের আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনসহ তিনটি সার্ভেইলেন্স ড্রোন এ বাহিনীর বহরে যুক্ত হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে একটি মাল্টিরোল রেসপন্স ভেসেল ও দুটি অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি অতি সম্প্রতি খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে বুলেট প্রুফ সুবিধাসম্পন্ন হাই-স্পিড বোট ক্রয়ের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে, যা এ বাহিনীর বহরে সংযুক্ত হলে বাংলাদেশের সমুদ্র উপকূলের নিরাপত্তা আরও জোরদার হবে।’
তিনি আরও বলেন, ‘কোস্ট গার্ডের জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় আধুনিক ডকইয়ার্ডের নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোস্ট গার্ড বহরের অতি পুরাতন ৯টি জাহাজের প্রতিস্থাপক হিসেবে দেশীয় শিপইয়ার্ডে নতুন ৯টি প্যাট্রোল ভেসেল নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি কোস্ট গার্ডের জন্য আগামীতে হেলিকপ্টারসহ মেরিটাইম সারভেইলেন্স সিস্টেম ও রেসকিউ ড্রোন ক্রয়ের পরিকল্পনা আমাদের রয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আধুনিক জাহাজ ও অত্যাধুনিক সিস্টেমসমুহ বাংলাদেশ কোস্ট গার্ড বহরে সংযোজিত হলে এ বাহিনীর অপারেশনাল সক্ষমতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে। তা ছাড়া কোস্ট গার্ড সদস্যদের বাসস্থান সংকট দূরীকরণে মিরপুর জোয়ারসাহারা এলাকার বাউনিয়া এবং পূর্বাচলে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোস্ট গার্ড প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার কোস্ট গার্ডকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। আমাদের মূলমন্ত্র হলো: সততা, নিষ্ঠা এবং সাহসিকতার মাধ্যমে ‘‘সবার আগে বাংলাদেশ’’কে বিশ্বের সামনে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা।’
বিএনপি সরকারের নেতৃত্বে বেগম খালেদা জিয়া এ কোস্ট গার্ড গঠন করেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এই বাহিনী এখন জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় মাদক চোরাচালান, মৎস সম্পদ রক্ষা, জলদস্যু নির্মূল, পরিবেশ রক্ষায় এ বাহিনীর কাজ প্রশংসনীয়।
এ সময় সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।