সময় সংবাদ লাইভ রিপোর্ট: তামিলনাড়ুর বিধানসভায় সাবেক মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে শুধু নাম ধরে সম্বোধন করায় মন্ত্রীর হয়ে ক্ষমা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। সোমবার (১৭ আগস্ট) বিধানসভায় স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের অনুদানের দাবির ওপর বিতর্ক চলাকালে রাজ্যের বনমন্ত্রী আরভি রণজিৎ কুমার করুণানিধিকে ‘কালাইনার’ বা ‘সাবেক মুখ্যমন্ত্রী’ না বলে শুধু ‘করুণানিধি’ নামে উল্লেখ করেন। এতে বিরোধী দল ডিএমকের সদস্যরা তাৎক্ষণিক আপত্তি জানান।করুণানিধি ডিএমকের অন্যতম প্রধান নেতা ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী। বিধানসভায় সম্মানিত রাজনৈতিক নেতাদের সাধারণত আনুষ্ঠানিক পদবি বা সম্মানসূচক নামে উল্লেখ করার রীতি রয়েছে।
আলোচনার সময় রণজিৎ কুমার নির্বাচনে অর্থের বিনিময়ে ভোট কেনার পুরোনো চর্চা নিয়ে কথা বলছিলেন। তিনি ‘তিরুমঙ্গলম ফর্মুলা’র প্রসঙ্গ তুলে নিজের কাঞ্চিপুরম আসনে অতীতে ভোটারদের ভোটপ্রতি ১ হাজার ৫০০ রুপি পর্যন্ত দেওয়ার দাবি করেন।
মন্ত্রী বর্তমান সরকারের সঙ্গে অতীতের নির্বাচনের তুলনা করে বলেন, ভোটের বিনিময়ে অর্থ না দিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।
এ সময় বিভিন্ন নির্বাচনী কৌশল নিয়ে কথা বলার মধ্যে করুণানিধিকে শুধু নাম ধরে উল্লেখ করেন তিনি। এতে ডিএমকের সদস্যরা তীব্র আপত্তি জানান। সাবেক মন্ত্রী কেকে এসএসআর রামচন্দ্রনের নেতৃত্বে বিরোধী সদস্যরা প্রতিবাদ করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মুখ্যমন্ত্রী বিজয় হস্তক্ষেপ করেন। মন্ত্রী কথা বলার সময় তাকে থামিয়ে দিয়ে করুণানিধিকে এভাবে উল্লেখ করা ঠিক হয়নি বলে জানান তিনি। এরপর মন্ত্রীর হয়ে বিধানসভায় ক্ষমা চান বিজয়। তিনি বলেন, ‘আমি তার পক্ষ থেকে ক্ষমা চাইছি।’
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর বিধানসভার উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়।